দেশজুড়ে

তেলবাহী লরিসহ ধরা পড়লো মাঈন উদ্দীন ও বিল্লাল

মাদক বিরোধী অভিযান আর পুলিশি তৎপরতার মাঝেও থেমে নেই ইয়াবা পাচার। হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে উখিয়া থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ তেলবাহী একটি লরির চালক-হেলপারকে আটক করেছে। শুক্রবার ভোররাতে উখিয়ার বালুখালী এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, লরিচালক নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার ৬নং ওর্য়াডের আদমজি নয়াপাড়ার শহীদুল ইসলামের ছেলে মাঈন উদ্দীন (২৮) ও হেলপার একই জেলা ও থানার ১০নং ওর্য়াডের গোদনাইন চৌধুরী বাড়ি এলাকার মৃত সোনা মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৩৫)। এসময় তেলবাহী লরিটিও জব্দ করা হয়।

পুলিশ সূত্র জানায়, টেকনাফ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তেল বহনকারী খালি লরিটি বালুখালী কাস্টমস স্টেশনে পৌঁছলে হাইওয়ে পুলিশ গাড়িটি থামায়। পরে তল্লাশি চালিয়ে গাড়িতে অভিনব কায়দায় লুকানো ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করে উখিয়া থানায় সোর্পদ করে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এএসআই মোস্তফা নুর। উখিয়া থানা পুলিশের ওসি আবুল খায়ের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সায়ীদ আলমগীর/এমএএস/পিআর