ভারত থেকে জুতার ভেতর করে নিয়ে আসার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ৪০ হাজার মার্কিন ডলারসহ জিসান শেখ (৩৫) নামের ভারতীয় এক পাসপোর্টযাত্রীকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা। উদ্ধার ডলারের মূল্য বাংলাদেশি ৩৩ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পার হওয়ার পর যাত্রী টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জিসান শেখ ভারতের ২৪ পরগণার ইকবালপুর এলাকার মোশারেফের ছেলে।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, ওই পাসপোর্টযাত্রী ভারতের পেট্রাপোল চেকপোস্ট পার হয়ে বেনাপোল চেকপোস্ট কাস্টমসে আসেন। ব্যাগেজ তল্লাশির কাজ শেষে যাত্রী টার্মিনাল থেকে শুল্ক গোয়েন্দাও তদন্ত সার্কেলের সদস্যরা তাকে গ্রেফতার করে অফিসে নিয়ে যান। পরে তার শরীর তল্লাশির একপর্যায়ে পায়ের জুতার ভেতর থেকে ৪০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।
বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের রাজস্ব কর্মকর্তা ছবি রানী দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে বৈদেশিক মুদ্রাসহ গ্রেফতার জিসান শেখকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
জামাল হোসেন/এএম/আরআইপি