স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে এই মুহূর্তে কিডনি বা ক্যান্সার মূল ঘাতক নয়, মূল ঘাতক হলো সড়ক দুর্ঘটনা। যে পরিমাণ গাড়ি সড়কে আছে এর বিরাট অংশই ফিটনেসবিহীন গাড়ি। এছাড়া সড়কে চলাচলকারীগণ ট্রাফিক আইন মানতে চায় না। সড়ক দুর্ঘটনা রোধে চালকের দক্ষতার যেমন প্রয়োজন আছে, তেমনি জনসচেতনতাও দরকার।
সাংবাদিক নির্যাতনের বিষয়ে তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে ও তদন্ত করে সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার আগানগর এলাকায় স্থাপিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। পরে মন্ত্রী বুড়িচং থানার নবনির্মিত বহুতল বিশিষ্ট আধুনিক থানা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।
এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি, কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ এবং জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কামাল উদ্দিন/এমএএস/আরআইপি