ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোমতী সেতুর টোল প্লাজা থেকে শহীদনগর পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কে পণ্যবাহী গাড়ির চাপ বেশি থাকায় এ যানজট সৃষ্টি হয়েছে।
শনিবার ভোরে গোমতী সেতুর টোল প্লাজা থেকে গৌরিপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট থাকলেও দুপুরের দিকে যানজট কমে আসে।
হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার-শনিবার ছুটির দিন হওয়ার কারণে মহাসড়কে যানবাহনের চাপ বেশি। সেইসঙ্গে বেড়েছে পণ্যবাহী যানবাহন। আগামীকাল রোববার থেকে মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
শনিবার মহাসড়কে পণ্যবাহী গাড়ির চাপ বেশি রয়েছে। দুপুরের দিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম দাউদকান্দি টোল প্লাজা এলাকা পরিদর্শন করেন। ঈদে যানজট পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও সওজ কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন তিনি।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, গত ৩-৪ দিন ধরে মহাসড়কে যানবাহনের চাপ বেশি। পাশাপাশি বেড়েছে পণ্যবাহী যানবাহন। ৪ লেনের যানবাহন ২ লেনের সেতুতে চলাচলে ধীরগতির কারণে যানজট সৃষ্টি হচ্ছে। তবে যানজট স্থায়ী হচ্ছে না। হাইওয়ে ও থানা পুলিশ যানজট নিসরসনে কাজ করছে।
মো. কামাল উদ্দিন/এএম/এমএস