এবার আখ চাষে সাফল্য পেয়েছে যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী ও শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের কৃষকরা। উৎপাদন খরচের তুলনায় অন্তত ৫ গুণ মুনাফার কথা জানিয়েছেন তারা। এতে করে বেনাপোল ও শার্শার চাষিরা আখ চাষে ঝুঁকছেন।
পুটখালী ও বাগআঁচড়া ইউনিয়নে বেড়েছে আখ চাষ। ধান-পাটে আশানুরূপ ফলন না পাওয়ায় কয়েক বছর ধরে আখ চাষে ঝুঁকছেন তারা। নতুন প্রজাতির গান্ডারী ঈশ্বরদী ও এসআর-১৬ জাতের আখের ফলন ভালো। তবে কিছু খেতে রোগ-বালাই দেখা দেয়ায় দুশ্চিন্তায় চাষীরা। তাদের সহায়তার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের আখ চাষি আজগর আলী জানান, এক বিঘা জমিতে ৩০-৪০ হাজার টাকা খরচ করে দেড় থেকে দুই লাখ টাকা পাওয়া যায়। তিনি প্রতি বছরই আখ চাষ করেন। চলতি বছর তিনি ২ বিঘা জমিতে আখ চাষ করেছেন। ফলনও ভালো। এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায়ও যাচ্ছে এই আখ। তবে চলতি মৌসুমে অনেক আখ খেতে পচন ও মাজরা পোকা দেখা দেয়ায় শঙ্কিত চাষিরা।
পোকা দমনে উপ-সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে চাষীদের সহযোগিতা দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। চলতি বছর শার্শা উপজেলায় ৩০০ বিঘা জমিতে আখের চাষ হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার।
মো. জামাল হোসেন/আরএ/পিআর