দেশজুড়ে

‘বি পজেটিভ’ রক্ত হয়ে গেল ‘ও পজেটিভ’

যশোরে অসীম ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের বিরুদ্ধে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট দেয়ার অভিযোগ পাওয়া গেছে। রোগীর স্বজনরা পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে রুক্তের গ্রুপ নির্ণয় করে সঠিক রিপোর্ট পেয়েছেন। প্রসূতি সিজিরিয়ান অপারেশনের পর রক্ত সংগ্রহ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ২৭ আগস্ট শহরের অসীম ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে রলি (৩০) নামে এক প্রসূতির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। যার আইডি নম্বর ৩৯৪৯/০২। ক্লিনিক্যাল কনস্যুলেট ডা. একেএম আবদুল আওয়াল স্বাক্ষরিত রিপোর্টে বলা হয়েছে ‘রক্তের গ্রুপ ও পজেটিভ।’

রোগীর স্বজনরা রিপোর্ট অনুযায়ী-ও পজেটিভ রক্তদাতা জোগাড় করেন। তাকে নিয়ে ২৮ আগস্ট যশোর জেনারেল হাসপাতালে রক্ত সংগ্রহে যাওয়া হয়। সেখানে রোগীর রক্তের গ্রুপ পুনরায় নির্ণয় করা হয়। সেখানে আগের রিপোর্ট ভুল প্রমাণিত হয়। হাসপাতালের রিপোর্টে বলা হয়েছে, ‘রলি (৩০) এর রক্তের গ্রুপ ‘বি পজেটিভ’। পরবর্তীতে রোগীর শরীরে বি পজেটিভ রক্ত সরবরাহ করা হয়েছে।

রোগীর স্বজনরা জানিয়েছেন, প্রথম রিপোর্ট অনুযায়ী রক্ত নিতে গিয়ে ধরা পড়েছে ভুল রিপোর্টের বিষয়টি। পরবর্তীতে সরকারি হাসপাতালের সঠিক রিপোর্টের ভিত্তিতে পুনরায় দাতা জোগাড় করে রক্ত সংগ্রহ করা হয়েছে।

যশোরে অসীম ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের দাপ্তরিক টেলিফোনে যোগাযোগ করা হলে পরিচয় গোপন রেখে সাগর নামের এক ব্যক্তি বলেন, ভাই রিপোর্টে প্রিন্টিং মিসটেক ছিল। রোগীর স্বজনদের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি সমাধান হয়ে গেছে।

রিপোর্টে স্বাক্ষরকারী ডা. একেএম আবদুল আওয়ালের মোবাইল নম্বর চাইলে তিনি বলেন, ফোন নম্বর জানা নেই।

এক পর্যায়ে ফোন রিভিসকারী ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি বলেন ‘আমার নাম সাগর। সবাই এই নামেই চেনেন। পরিচয় দরকার নেই। আপনি সরাসরি ক্লিনিকে আসনে। চা খাওয়ার দাওতায় রইল। এরপর ফোন কেটে দেন।

মিলন রহমান/এমএএস/জেআইএম