নারায়ণগঞ্জের ফতুল্লার টায়ার কারখানায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঢাকা ও নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ও হাজীগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট চেষ্টা চালিয়ে বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে বুধবার সকাল সোয়া ৮টার দিকে ফতুল্লার পোস্ট অফিস রোডের স্থানীয় ইউনিয়ন পরিষদের পাশে ‘ইস্ট এশিয়ান কক্স প্রা. লিমিটেড’ নামে ওই টায়ার কারখানায় আগুন লাগে।
আগুন কারখানার গোডাউন থেকে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এতে কারখানার ক্যামিকেল, টায়ার, মেশিনসহ অন্যান্য মালামাল পুড়ে কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ ধারণা করছে।
ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন জানান, এটি টায়ারের রাবার ফ্যাক্টরি হওয়ায় এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে। আগুন লাগার সংবাদে ফায়ার সার্ভিসের লোকজন কাজ শুরু করে। গোডাউন থেকে আগুন লেগে পুরো ফ্যাক্টরিতে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনো কারখানার ভেতর থেকে ধোয়া বের হচ্ছে। এখন ড্যাম্পিংয়ের কাজ চলছে।
কারখানার অ্যাডমিন ম্যানেজার জাফর ইকবাল জানান, শটসার্কিট থেকে আগুন লেগেছে বলে আমরা ধারণা করছি। এটি বাংলাদেশের প্রথম টায়ার ফ্যাক্টরি। এ ফ্যাক্টরির টায়ার দেশ বিদেশে রফতানি হয়। আমাদের বড় ধরনের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করতে পারিনি। তবে তদন্ত কমিটি করে জানাতে পারব কিভাবে আগুন লাগলো আর কী পরিমাণ ক্ষতি হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. মঞ্জুর কাদের জানান, নিরাপত্তায় পুলিশ কাজ করছে। কোনো সমস্যা যাতে না হয় সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শাহাদাৎ হোসেন/এফএ/পিআর