দেশজুড়ে

একটি মানুষকেও বঞ্চনার শিকার হতে দেয়া যাবে না

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কমিউনিটি পুলিশিং হচ্ছে জনগণের সঙ্গে পুলিশের আস্থার এক সেতুবন্ধন। জঙ্গিবাদ ও মাদক থেকে মানুষকে দূরে রাখার জন্য কমিউনিটি পুলিশিংয়ের অবদান হতে হবে সবচেয়ে বেশি। কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব হবে যেকোনো ধরনের মাদক, জঙ্গিবাদ ও অপরাধের মূল হোতাদের সম্পর্কে পুলিশকে অবহিত করা। বিশ্বের প্রায় সব দেশেই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা বিদ্যমান।

তিনি বলেন, আজও বাংলাদেশের দুর্গম অঞ্চলগুলোতে বঞ্চনার শিকার হচ্ছে মানুষ। তাই শেখ হাসিনার শাসনামলে একটি মানুষকেও বঞ্চনার শিকার হতে দেয়া যাবে না। পুলিশকে সমাজের শান্তি আনতে সহায়তা করতে হবে।

সোমবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ মাঠে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন রোধ কল্পে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারোয়ার, কুমিল্লা সদর দক্ষিণ কমিউনিটি পুলিশের আহ্বায়ক অধ্যাপক আনোয়ার উল্লাহসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

মো. কামাল উদ্দিন/এএম/পিআর