স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ৩ গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করেছে ঢাকা অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, চ্যানেল আই’র বার্তা প্রধান শাইখ সিরাজী ও রবীন্দ্র সংগীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী। ডুয়ার সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় আবুল মাল আবদুল মুহিত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এই উপমহাদেশে একটা অনন্য বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। জাতি গঠনে এবং দেশ স্বাধীনে এর অবদান অনেক বেশি। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা আদর্শ বিশ্ববিদ্যালয় বলতে পারি।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আজ যে সম্মাননা পেয়েছি তা অত্যন্ত সম্মানের সঙ্গে ও আনন্দের সঙ্গে গ্রহণ করছি। এজন্য আমি অত্যন্ত আনন্দিত এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে তারা এভাবে অন্যাদের সম্মানিত করবেন বলে আমি আশা করি।
জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, এ বিশ্ববিদ্যালয় একটি স্বাধীন দেশ উপহার দিয়েছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্বাধীন বাংলাদেশের ইতিহাস। পৃথিবীর অন্যকোন বিশ্ববিদ্যালয়ের এ গৌরব আছে বলে আমার জানা নেই।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি শক্তিশালী অঙ্গ হচ্ছে তার অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ঢাকা ঢাবি শিগগিরই একটি ডেস্ক ওপেন করবে আমাদের গ্রাজুয়েটদের জন্য। যেখান থেকে আমরা গ্রাজুয়েটদেরকে পেশাগত জীবনের জন্য বিভিন্ন শিল্পক্ষেত্রে পাঠাবো। সেক্ষেত্রে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের যেসব অ্যালামনাইরা যুক্ত তাদের সহযোগিতা আমাদের দরকার।
এমএইচ/এমআরএম/জেআইএম