২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, কুমিল্লা- ৩ (মুরাদনগর) আসনের সাবেক এমপি কাজী মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই বিএনপি নেতা কাজী শাহ কায়সারকে গ্রেফতার করেছে পুলিশ।
নাশকতার প্ররোচনার অভিযোগে দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মুরাদনগর উপজেলা সদরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম জানান, কাজী শাহ কায়সার সংসদ নির্বাচনকে সামনে রেখে বাড়িতে বসে দলীয় নেতাকর্মীদের সরকারবিরোধী নাশকতার প্ররোচনা দিচ্ছেন। এমন অভিযোগে বুধবার রাতে পুলিশ বাদী হয়ে কায়সারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও ওসি জানিয়েছেন।
কামাল উদ্দিন/এফএ/আরআইপি