দেশজুড়ে

‘দল যার যার সেলিম ওসমান সবার’

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু বলেছেন, দল যার যার সেলিম ওসমান সবার। আমি বিএনপির রাজনীতি করি। ওই দলের মহানগরের সাংগঠনিক সম্পাদক। তারপরও আমি উনার জন্য এসেছি। সর্ব প্রথম ২০০৩ সালে উনার কাছে গিয়েছিলাম। উনি আমাকে প্রশ্ন করেছিলেন তুই ভালো হবি কি-না? আমি বলেছিলাম ভালো হয়ে যাব। এরপর আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। টানা ৩ বার এই ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছি।

সোমবার বিকেলে চাষাড়া হীরা মহলে শহরের কাউন্সিলরদের সঙ্গে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমানের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শকু আরও বলেন, আমার ওয়ার্ডে তিনি নিজ তহবিল থেকে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার উন্নয়ন করেছেন। যেখানে সুপেয় বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, রাস্তায় এলইডি লাইট, ওয়াইফাই জোন, এলাকার নিরাপত্তায় সিসি টিভি ক্যামেরা স্থাপন, ৪টি মসজিদের উন্নয়নে অর্থায়ন করেছেন। যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে তাকে আগামী নির্বাচনে বিজয়ী করতে না পারলে ক্ষতি আমাদেরই হবে।

এ সময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শফি উদ্দিন প্রধান, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর জমশের আলী ঝন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএআর/জেআইএম