দেশজুড়ে

ভোট বেশি দিলে পাবেন স্বর্ণের নৌকা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার কোন ইউনিয়নের ভোটাররা স্বর্ণের নৌকা উপহার পাবেন সে লক্ষ্য নিয়ে মাঠে কাজ করছেন নেতাকর্মীরা।

প্রাণপ্রিয় নেত্রীকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করে তার হাত থেকে স্বর্ণের নৌকা পাওয়ার প্রত্যাশায় রাত-দিন পরিশ্রম করছেন তারা।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় কোটালীপাড়ার সাদুল্যাপুর ইউনিয়নের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি ছিলেন শেখ হাসিনার নির্বাচনী এলাকার প্রতিনিধি ও আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভীমচন্দ্র বাড়ৈর সভাপতিত্বে সমাবেশে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ঘোষণা করেন, ‘যারা যে ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে নৌকা প্রতীককে নির্বাচিত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ইউনিয়নের নেতাকর্মীদের স্বর্ণের নৌকা উপহার দেবেন।’

শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ছয়বার বিপুল ভোট দিয়ে এ আসন থেকে শেখ হাসিনাকে এমপি নির্বাচিত করেন টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষ। এবারও এ এলাকার মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করে আবারও প্রধানমন্ত্রী বানাবেন।

আগামী ৩০ ডিসেম্বর সব ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে শেখ হাসিনাকে বিজয়ী করবেন। যে ইউনিয়ন থেকে শেখ হাসিনা সর্বোচ্চ ভোট পাবেন সে ইউনিয়নের নেতাকর্মীরা পাবেন স্বর্ণের নৌকা। শেখ মোহাম্মদ আব্দুল্লাহর এ ঘোষণা স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে। সেই সঙ্গে স্বর্ণের নৌকা উপহার পাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে কাজ করতে নামেন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এসএম হুমায়ূন কবীর, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজি কামাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলকৃষ্ণ বিশ্বাস ও অ্যাডভোকেট রাশিদা পারভীন।

এস এম হুমায়ূন কবীর/এএম/আরআইপি