দেশজুড়ে

‘নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে’

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে। এখন দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে পূর্বের তুলনায় আমাদের দায়বদ্ধতা আরও অনেক বেড়ে গেছে।

শুক্রবার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোট উপজেলার জনগণের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের মত রাজনীতিবিদের মৃত্যুতে দেশ ও জাতি আজ শোকে মুহ্যমান। সৈয়দ আশরাফ ছিলেন আপাদমস্তক একজন সৎ ব্যক্তিত্ব, দক্ষ সংগঠক ও গণমানুষের নেতা। ১/১১ এর দুঃসময়ে তার বলিষ্ঠ ভূমিকার কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। মানুষের হৃদয়ে এই জননেতা চিরদিন তার কীর্তির মাধ্যমে বেঁচে থাকবেন। এ সময় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, জনগণ আমাদেরকে যেভাবে বিজয়ী করেছে তাতে বোঝা যায় তাদের প্রত্যাশা আমাদের কাছে অনেক উচ্চে। তাই আমাদের লক্ষ্য দেশের সকল মানুষকে নিয়ে একসঙ্গে নতুন করে পথচলা শুরু করা, মানুষের প্রত্যাশা পূরণ করা। যেখানে থাকবে না কোনো হানাহানি, মারামারি বা ভেদাভেদ।

তিনি বলেন, যেহেতু দেশবাসী আমাদেরকে সেবা করার সুযোগ প্রদান করেছে, দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, তাই আমাদের এখন কাজ হচ্ছে তাদের চাহিদা ও প্রত্যাশা পূরণ করা। এজন্য আমরা দেশের সকল মানুষের সহযোগিতা চাই। শুধু নির্বাচনে বিজয় অর্জন করাই মূখ্য বিষয় নয়, বরং দেশের সকল মানুষ একসঙ্গে মিলেমিশে দেশকে উন্নত দেশে পরিণত করার জন্য কাজ করতে হবে। তবে আমাদের একটি বিষয়ে সকলকে কড়া নজরদারিতে থাকতে হবে, কোনো অপশক্তি যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

পরিকল্পনামন্ত্রী এলাকার সকল শ্রেণিপেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার এলাকার প্রতিটি বাড়ির, প্রতিটি ঘরের মানুষই আমার সঙ্গে ছিলেন। তারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। এমনকি আমার এলাকার অধিকাংশ প্রবাসী ভোট দেয়ার জন্য দেশে চলে এসেছেন। তাদের প্রতি আমার বিশেষ ধন্যবাদ।

এ সময় নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন কালু, পৌরসভা মেয়র আব্দুল মালেক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কামাল উদ্দিন/আরএআর/পিআর