নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে মলম পার্টির চার সক্রিয় সদস্যকে গ্রেফতার র্যাব-১১-এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত চেতনানাশক ট্যাবলেট, চেতনানাশক বাম মলম ও মরিচের গুঁড়া উদ্ধার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফাতারকৃতরা হলেন- মো. লিটন (৩৮), মো. আনোয়ার হোসেন (৩৪), মো. ঈমান আলী (৩৪) এবং মো. সোহেল (২২)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে রাস্তায় সাধারণ মানুষকে এবং বাস, সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী সেজে চেতনানাশক ট্যাবলেট, জুস, পানি, চা, ডাবের পানি এবং শরবতসহ বিভিন্ন খাবার সেবন করিয়ে অজ্ঞান করে সর্বস্ব কেড়ে নেয় তারা।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন আরও বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা নজরদারির প্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের তারাবো এলাকা থেকে ঈদে ঘরমুখী যাত্রীদের অজ্ঞান করার সময় মলম পার্টির ওই চার সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের তল্লাশি করে ৪০ পিস চেতনানাশক ট্যাবলেট, চেতনানাশক বাম মলম ও মরিচের গুঁড়া উদ্ধার করা হয়। পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মহাসড়কে এ কাজ করে আসছে তারা।
এএম/এমএস