নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির আট মামলার মধ্যে তিন মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। এ সময় নূর হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (০১ অক্টোবর) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালতে এ সাক্ষ্যগ্রহণ করা হয়। নূর হোসেনের পক্ষে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি খোকন সাহা।
এর আগে নূর হোসেনকে কঠোর পুলিশি পাহারায় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে একই পাহারায় তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা আটটি চাঁদাবাজি মামলার তিনটির সাক্ষ্যগ্রহণ হয়। দুপুরে আদালতে সাক্ষ্যগ্রহণের সময় নূর হোসেনকে আদালতে হাজির করা হয়েছিল। পরে সাক্ষ্যগ্রহণ শেষে তাকে আবার কারাগারে নেয়া হয়েছে।
২০১৪ সালের ১২ জুন ২০ হাজার টাকা চাঁদা দাবির ঘটনায় অটোরিকশার চালক সাইদুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলায় নূর হোসেন, তার ভাই নূর উদ্দিন, তাদের ভাতিজা শাহজালাল বাদল, লোকমানসহ চারজনকে আসামি করা হয়।
পাশাপাশি ২০১৩ সালের ৩০ মে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার ইকবাল হোসেন নামের এক ব্যক্তির কাছে নূর হোসেন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না পেয়ে ইকবালের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেন নূর হোসেন ও তার সহযোগীরা। এ ঘটনায় ইকবাল হোসেন বাদী হয়ে নূর হোসেন, তার ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদলসহ ছয়জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা করেন।
অন্যদিকে, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এসআই অজিত কুমার মিত্র বাদী হয়ে আরেকটি চাঁদাবাজির মামলা করেন। চাঁদাবাজির এ তিন মামলার সাক্ষ্যগ্রহণ চলছে আদালতে।
মো. শাহাদাত হোসেন/এএম/এমএস