গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান।
উপাচার্য নিয়োগ দেয়ার আগ পর্যন্ত তিনি উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।
সোমবার (৭ অক্টোবর) তাকে উপাচার্যের কাজ সম্পাদনের জন্য দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টিতে এখনও নতুন করে উপাচার্য নিয়োগ দেয়া হয়নি। তাই সিনিয়র শিক্ষক অধ্যাপক মো. শাহজাহানকে উপাচার্যের রুটিন কাজ করার দায়িত্ব দেয়া হয়েছে।
এ বিষয়ে ড. মো. শাহজাহান বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএমএসের মাধ্যমে আমাকে বিষয়টি জানিয়েছে। আগামী পরশু হয়তো চিঠি হাতে আসবে।
প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িকভাবে বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
পরে জিনিয়ার বহিষ্কারাদেশ তুলে নেয়াসহ আরও কয়েকটি দাবি কর্তৃপক্ষ মেনে নিলেও গত ১৯ সেপ্টেম্বর উপাচার্যের পদত্যাগের দাবিতে অন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ২৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) আবদুল্লাহ আল হাসান চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন।
এর আগে শিক্ষার্থীদের টানা ১১ দিনের চলমান আন্দোলনের মধ্যে গত ২৭ সেপ্টেম্বর রাত ৯টার দিকে অসুস্থতার কথা বলে ক্যাম্পাস ছেড়ে যান উপাচার্য। এ সময় ক্যাম্পাসের ভেতরে অবস্থিত সরকারি বাসভবন থেকে পুলিশের কড়া পাহারায় বেরিয়ে চিকিৎসার জন্য ঢাকায় যান তিনি।
এমএইচএম/বিএ/এমকেএইচ