কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় রিংকন বড়ুয়া নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন মোটরসাইকেল চালক।
বুধবার (১৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মিস্ত্রিপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিংকন বড়ুয়া চাঁদপুরের কচুয়া থানায় কর্মরত। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গোলজার এলাকায়।
পুলিশ জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে রিংকন বড়ুয়া (২৫) ছুটি কাটিয়ে চট্টগ্রাম থেকে তার কর্মস্থল চাঁদপুরের কচুয়া থানায় যাচ্ছিল। পথিমধ্যে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মিস্ত্রিপুকুরপাড় এলাকায় পৌঁছলে সামনে একটি সিএনজি দেখে মোটরসাইকেলটি দ্রুত গতি থামানোর চেষ্টা করলে এএসআই রিংকন বড়ুয়া মোটরসাইকেল থেকে মহাসড়কে পড়ে যান। এসময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এসময় আহত হন রিংকনের বন্ধু মোটরসাইকেল চালকও। সদর দক্ষিণ থানা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁদপুরের কচুয়া থানা পুলিশের ওসি অলিউল্লাহ অলি জানান, রিংকন গত ৫ অক্টোবর ছুটিতে বাড়ি যান। সেখান থেকে কর্মস্থলে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
কামাল উদ্দিন/এমএএস/পিআর