গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি থেকে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগ। করোনা পরিস্থিতিতে সৃষ্ট শ্রমিক সংকটের কারণে চলতি বোরো মৌসুমে জমির পাকা ধান কেটে বাড়িতে তুলতে পারবেন কিনা এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন উপজেলার কৃষকরা। এমন অবস্থায় দরিদ্র এসব চাষিদের ধান কেটে দেয়ার উদ্যোগ গ্রহণ করে ছাত্রলীগ।
বুধবার সকালে উপজেলা ছাত্রলীগের ৩০ সদস্যের একটি টিম স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চিত্রাপাড়া বিলে রবিউল শেখ নামে এক কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়। ছাত্রলীগের এ উদ্যোগ গোপালগঞ্জে ব্যাপকভাবে প্রশংসিত হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, ছাত্রলীগ নেতা রাসেল নিজামী, জুয়েল মুন্সী, সাজ্জাদ হোসেন সুমন, শামিম দাড়িয়া, মাইনুল ইসলাম রিমু, ইকবাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ ধান কাটায় অংশ নেন।
কৃষক রবিউল শেখ বলেন, জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে ধান কাটার জন্য শ্রমিক খুঁজছিলাম। করোনা পরিস্থিতির মধ্যে শ্রমিক পাওয়া যাচ্ছিল না। এনিয়ে ভীষন দুশ্চিন্তার মধ্যে দিন কাটছিল আমার। এমন এক পরিস্থিতিতে ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম তার দলীয় নেতা-কর্মীদের নিয়ে আমার ক্ষেতের ধান কেটে দিলেন। এতে আমার খুব উপকার হয়েছে। এজন্য আমি ছাত্রলীগ নেতাদের কাছে কৃতজ্ঞ।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, বর্তমানে আমাদের এ উপজেলায় ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। বিষয়টি বিবেচনা করে আমরা এ উপজেলার ১১টি ইউনিয়নে ৪৫ জন করে ১১টি টিম করেছি। পর্যায়ক্রমে আমরা দরিদ্র কৃষক ও বর্গাচাষীদের বিনা পারিশ্রমিকে ধান কেটে দিব।
হুমায়ূন কবীর/এফএ/পিআর