দেশজুড়ে

বান্দরবানে সেনাবাহিনীর ‘এক মিনিটের ঈদ বাজার’

বান্দরবানে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য ‘এক মিনিটের ঈদ বাজার’ নামে ভিন্নধর্মী সেবার আয়োজন করেছে সেনাবাহিনী। শুক্রবার (২২ মে) সকালে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে ও সেনা জোনের ব্যবস্থাপনায় জেলা স্টেডিয়ামে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের জন্য এ বাজারের আয়োজন করা হয়।

এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে ২৫০ জন অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষকে চাল,ডাল ,তেল, চিনি, সেমাই ,নুডুলস, শাড়ী ও লুঙ্গিসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।

এ সময় সেনা কর্মকর্তারা জানান, তিনটি উদ্দেশ্য নিয়ে এই ‘এক মিনিটের ঈদ বাজার’ নামে সেবার আয়োজন করা হয়েছে। প্রথমত সকল সম্প্রদায়ের লোকজন আনন্দ ভাগাভাগি করে ঈদ পালন করবে। দ্বিতীয়ত অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষ যারা বাজার করতে পারছেন না তারা এই এক মিনিটের বাজার থেকে বিনামূল্যে দ্রব্য সামগ্রী পেয়ে উপকৃত হবেন। আর তৃতীয়ত এই এক মিনিটের বাজার কার্যক্রমের মাধ্যমে সুশৃঙ্খলভাবে কীভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব তা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হবে।

সেনাবাহিনীর বান্দরবান জোনের কমান্ডার লে. কর্নেল আখতার উস সামাদ রাফি জানান, এই বাজারের মাধ্যমে যারা দুস্থ ও পণ্যসামগ্রী কেনার সামর্থ্য নেই তাদের মাঝে ঈদের আনন্দটা ভাগ করে নেয়ার চেষ্টা করেছি ।

সৈকত দাশ/আরএআর/জেআইএম