দেশজুড়ে

কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে কলেজ অধ্যক্ষের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে চাঁদপুরের চিতোষী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রহিম মারা গেছেন। বুধবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই অধ্যক্ষের মেয়ে ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া আফরিন সানি।

তিনি আরও জানান, তার বাবা (৬২) হার্টের রোগী ছিলেন। গত ৩/৪ দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার রাতে তিনি কুমিল্লা নগরীর রামমালা রোডের বাসায় অবস্থানকালে স্বাস্থ্যের অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষার নমুনা নেয়া হয়। কিন্তু রেজাল্ট এখনও আসেসি। বুধবার দুপুরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। রাত ৯ টায় তাকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট শরীফপুর গ্রামে দাফন করা হয়েছে।

এদিকে, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল নাছেরের করোনা শনাক্ত হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন ওই অধ্যক্ষের সহকর্মী সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া খন্দকার।

তিনি আরও জানান, গত সপ্তাহে করোনা উপসর্গ দেখা দিলে প্রফেসর জামাল নাছেরের করোনার নমুনা নেয়া হয়। বুধবার নমুনার ফল পজিটিভ আসে। এখন তিনি আগের চেয়ে অনেকটা সুস্থবোধ করছেন। সামান্য কাশি রয়েছে। তবে মানসিকভাবে তিনি বেশ সবল রয়েছেন। তিনি সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

মো: কামাল উদ্দিন/এমএএস/পিআর