জাতীয়

১৩ জুলাই প্রবাসীদের নিয়ে ইতালি যাবে বিমানের ষষ্ঠ ফ্লাইট

আগামী ১৩ জুলাই প্রবাসীদের নিয়ে বিমানের ষষ্ঠ বিশেষ ফ্লাইট ইতালি যাবে। এতে ইতালিয়ান রেসিডেন্ট কার্ডধারী বাংলাদেশি প্রবাসী ও ইতালির নাগরিকরা যেতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে বিশেষ এই ফ্লাইটটির ঘোষণা দেয়া হয়। চার্টার্ড ফ্লাইটটি ১৩ তারিখ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৬টায় ইতালির রোমের উদ্দেশে রওনা হবে।

ওয়েবসাইটে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার ইতালীয় দূতাবাসের সহযোগিতায় আগামী ১৩ জুলাই ঢাকা থেকে ইতালির রোমে আরেকটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করা হবে। ফ্লাইটের যাত্রীদের তালিকা ইতোমধ্যে বিমানকে সরবরাহ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তালিকায় থাকা যাত্রীদের ৮ জুলাই পর্যন্ত বিমানের সেলস অফিস থেকে টিকিট সংগ্রহ করতে বলা হয়েছে।

ফ্লাইটে ইকোনমি শ্রেণির আসনের টিকিট মূল্য ৯২ হাজার ৩০ টাকা এবং বিজনেস শ্রেণির টিকিট মূল্য এক লাখ ১৯ হাজার ৯৮২ টাকা ধরা হয়েছে। এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটি বিশেষ ফ্লাইটে মোট এক হাজার ৩৭২ প্রবাসী ইতালি ফিরেছেন।

এআর/বিএ/এমকেএইচ