ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া মুফতি আলাউদ্দিন জিহাদির মুক্তির দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কয়েকশ নেতাকর্মী।
বৃহস্পতিবার দুপুর থেকে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় দুপুর সোয়া ১টা পর্যন্ত অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির কারণে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণধর বলেন, আলাউদ্দিন জিহাদির অনুসারীরা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারীদের দাবি মুফতি আলাউদ্দিন জিহাদি ষড়যন্ত্রের শিকার।
রোববার প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় আবতাহি মুজাদ্দেদিয়া সুন্নিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক মুফতি আলাউদ্দিন জিহাদি ফেসবুকে কটূক্তি করেন। সেই অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার পর তাকে গ্রেফতার করে পুলিশ।
মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম