দেশজুড়ে

হাঁটতে গিয়ে রেললাইনের ওপরে ছেলে, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবারও

 

কুমিল্লায় দ্রুতগামী চলন্ত ট্রেনে কাটা পড়ে একসঙ্গে বাবা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার (১১ জানুয়ারি) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রমপুর ইউনিয়নের বাননগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মাহবুবুল হক (৫২) এবং তার শিশুপুত্র জিসান (৪)।

রাতে বিষয়টি নিশ্চিত করেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন।

পুলিশ জানায়, নাঙ্গলকোট উপজেলার বাননগর উত্তরপাড় এলাকায় রেললাইনের পাশে মাহবুবুল হকের বাড়ি। বিকেলে তার শিশুপুত্র জিসানকে নিয়ে রেললাইনের পাশে হাঁটতে যান। এ সময় জিসান অসাবধানতাবশত হাঁটতে হাঁটতে রেললাইনের ওপর চলে যায়। বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ঢাকাগামী মহানগর গোধুলী ট্রেন চলে আসে। ছেলেকে বাঁচাতে বাবা মাহবুবুল হক দৌড়ে রেললাইনের ওপর চলে যান। এতে দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান বাবা-ছেলে দুজনই।

স্থানীয় মক্রমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বার সোহাগ মিয়া জানান, রেললাইনের পাশে বাড়িঘর বেশি। তাই এখানকার অনেক মানুষ রেললাইনের পাশে হাঁটাচলা করে।

তিনি বলেন, ওই এলাকায় রেললাইনের ওপর একটি লেবেলক্রসিং থাকলেও কোনো গেট নেই। যে কারণে ট্রেন আসা-যাওয়ার কোনো পূর্বাভাস পাওয়া যায় না। কিছুদিন আগেও এখানে দুর্ঘটনা ঘটে।

রাতে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। কামাল উদ্দিন/এসআর