আন্তর্জাতিক পোস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের দু’টি দল। রোববার (২১ মার্চ) সংগঠনের সভাপতি তারেক আজিজ জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
সম্প্রতি অনলাইনে আয়োজিত পোস্টার প্রতিযোগিতায় বাংলাদেশ, মালয়েশিয়া, চীন, তুরস্ক, ইতালি, আমেরিকা, পাকিস্তান, ডেনমার্কসহ প্রায় ৮৬ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২১৯ টি পোস্টার জমা পড়েছিল। এতে বাংলাদেশের প্রায় ২১টির বেশি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
তিনটি রাউন্ডে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব থেকে দু’টি দল অংশগ্রহণ করে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে।
অংশগ্রহণকারী দলের শিক্ষার্থীরা হলেন, মো. আরিফুল ইসলাম আরিফ, সাল সাবিলা জেরিন ও জান্নাতুল ফেরদৌস সুমাইয়া। অন্য দলের শিক্ষার্থীরা হলেন, রুফাইয়াত হুসাইন মাহা, ওহিদা ফেরদৌসী ও সাজিদ ইকবাল সিদ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি তারেক আজিজ বলেন, ‘এ অর্জনের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের প্রত্যেকটি সদস্য গর্বিত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি সদস্যকে অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আরও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।’
তিনি আরও বলেন, ‘২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বছরব্যাপী বিজ্ঞানভিত্তিক নানা কর্মসূচির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান চর্চায় উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়ে আসছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ম্যাথ অলিম্পিয়াড, সায়েন্স ফেস্টিভ্যাল, সায়েন্টিফিক ওয়ার্কশপ, সায়েন্স ট্যুর, কুইজ কম্পিটিশন, সায়েন্টিফিক টকিং ইত্যাদি।’
এ ছাড়া এ ক্লাবের নিউক্লিয়াস নামে একটি নিয়মিত বার্ষিক প্রকাশনা রয়েছে। সমসাময়িক বিজ্ঞানভিত্তিক বিষয়াবলী নিয়ে অরবিট নামে আরও একটি ম্যাগাজিন প্রকাশিত হয়।
ফারুক হোসাইন/আরএইচ/এমকেএইচ