দেশজুড়ে

ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেফতার

কুমিল্লা ইপিজেডের সিন চ্যং সুজ বিডি লিমিটেড কোম্পানির মানবসস্পদ কর্মকর্তা বাশার হত্যা মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৯ মে) ভোরে ভারতীয় সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহরিয়ার রহমান জিহাদ নগরীর দক্ষিণ চর্থার মৃত হাবিবুর রহমানের ছেলে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের (এসআই) শাহিন কাদির জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতে পালিয়ে যাওয়ার সমেয় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডে যে কয়জন অংশ নিয়েছে তাদের মধ্যে জিহাদ অন্যতম। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এর আগে শুক্রবার (৭ মে) ভোরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকা থেকে এ মামলার প্রধান আসামি মহিউদ্দিনকে গ্রেফতার করে র‌্যাব।

উল্লেখ্য, গত শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে অফিস থেকে বাড়ি ফেরার পথে নগরীর টমছমব্রিজ-বাখরাবাদ সড়কে ইপিজেডের এক নম্বর গেট এলাকায় ছুরিকাঘাত করে খায়রুল বাশারকে হত্যা করা হয়। পরে নিহতের ছোট ভাই মো. খায়রুল এনাম বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হত্যা মামলা করেন। নিহত খায়রুল বাশার সুমন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মান্দারি গ্রামের আবদুল মমিনের ছেলে।

এএইচ/জেআইএম