দেশজুড়ে

কুমিল্লায় অপহরণকারী চক্রের ৩ সদস্য আটক, দুই অপহৃত উদ্ধার

কুমিল্লায় অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। সোমবার (১০ মে) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন কুমিল্লা সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় অপহৃত দুই জনকে উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত নওয়াব মিয়ার মেয়ে রীনা আক্তার (৪০), শংকপুর গ্রামের জয়নাল আবেদীন ভূঁইয়ার ছেলে মো. শাহা পরান (১৯) ও জেলার বুড়িচং উপজেলার এবদারপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে মো. শরিফ ইসলাম (২২)।

অপহৃত মাসুদ রানা (১৬) জেলার বরুড়া উপজেলার নাটেহর গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও জালাল হোসেন (২২) একই এলাকার বাসিন্দা।

মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গত ৯ মে জালাল হোসেন ও মাসুদ রানা মোবাইল কিনতে শহরের কান্দিরপাড় মার্কেটে আসেন। পর্যাপ্ত টাকা না থাকায় তারা বাড়ি ফেরার পথে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অপহরণকারী চক্রের সদস্যরা দুইজনকে মোবাইল চুরির অপবাদ দিয়ে মোটরসাইকেলে তুলে উত্তর দূর্গাপুর নিয়ে যায়। সেখানে আটক রেখে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। একপর্যায়ে অপহরণকারীরা দুই পরিবারকে ফোন করে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেন।

পরিবার পক্ষ থেকে বিষয়টি র‌্যাবকে জানানো হলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উত্তর দূর্গাপুর হতে তাদের উদ্ধার করে অপহরণকারী তিনজনকে আটক করা হয়। এসময় অপহরণ কাজে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার চাকু, একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরএইচ/জিকেএস