কুমিল্লার বুড়িচংয়ে রিমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মে) বিকেলে উপজেলার জগতপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রিমা আক্তার ওই গ্রামের রমজান আলীর স্ত্রী। তিনি আদর্শ সদর উপজেলার কাপ্তান বাজার এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।
অপরদিকে রমজান আলী ড়িচং উপজেলার জগতপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত লোকমান হোসেনের ছেলে। তিনি সীতাকুণ্ড এলাকায় একটি শিপিয়ার্ডে শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দশ বছর আগে রমজান আলীর সঙ্গে রিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। সম্প্রতি তাদের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়।
ঈদের ছুটিতে রমজান আলী চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে বাড়িতে আসেন। মঙ্গলবার দুপুরে রমজানের স্বজনদের নিয়ে কোটবাড়ি বিনোদন কেন্দ্রে বেড়াতে যান। বাড়িতে তখন রমজান ও তার স্ত্রী রিমা আক্তার ছিলেন। বিকেল ৩টায় তাদের এক আত্মীয় রমজানের বাড়িতে যান। এসময় ঘরের দরজা খোলা দেখে ভিতরে গিয়ে বিছানার ওপর রিমা আক্তারের গলাকাটা দেহ পড়ে থাকতে দেখেন। পরে বাড়ির লোকজন পুলিশকে খবর দেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, আলামত জব্দের জন্য ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) অবহিত করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।
আরএইচ/জিকেএস