জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ।
শনিবার (৫ জুন) এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্বে সেরা বিতার্কিক হয়েছেন বিজয়ী দলের সাদিদ জুবায়ের মুর্শেদ এবং পুরো প্রতিযোগিতার সেরা বিতার্কিক হয়েছেন একই দলের রিফায়েত জাফির ওয়াফি।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ক্লাইমেট ফাইন্যান্স পলিসি অ্যান্ড ইন্টিগ্রিটি (সিএফপিআই) প্রকল্পের পৃষ্ঠপোষকতায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে এ প্রতিযোগিতা গত ১৮ মে শুরু হয়। অনলাইনে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় বিশ্বের ১৪টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৮টি বিতর্ক দল অংশগ্রহণ করে।
৫৪টি বিতর্ক সেশনের পর শনিবার (৫ জুন) প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিতর্কে অংশগ্রহণ করে ভারতের দিল্লি ইউনিভার্সিটি, রাম মনোহর লোহিয়া ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ন্যাশনাল ল ইন্সটিটিউট ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের বিতার্কিক দল।
প্রতিযোগিতার সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি রাষ্ট্রকেই প্রধান দায়িত্ব নিতে হবে।
অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জীবাশ্ম জ্বালানি প্রকল্পগুলো থেকে সরে আসতে এবং ২০৫০ সালের মধ্য ‘জিরো এমিশন’ প্রকল্পকে সফল করার উদ্দেশ্যে জাতিগত ও আন্তর্জাতিক সম্প্রদায় যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নে আমাদের তরুণদের সঙ্গে নিয়ে শিল্পোন্নত দেশগুলোর সাথে সমঝোতায় যেতে হবে।
তিনি আরও বলেন, ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ইউনিটের টিম লিডার ক্রিস্টোফার জনসন বলেন, আমরা যুবকদের নিয়ে জলবায়ু বিষয়ে কাজ করছি। আজকের এই বিতর্ক আমাকে ও যুবকদের আরো উদ্বুদ্ধ করবে বলে মনে করি।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেইউডিও’র মডারেটর অধ্যাপক এটিএম আতিকুর রহমান, টিআইবির সিএফপিআই প্রকল্পের ম্যানেজার মো. মাহফুজুল হক, আইএসসিজি’র যোগাযোগ ও জনতথ্য কর্মকর্তা সাইয়্যেদ মোহাম্মদ তাফহীম, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম, কোঅর্ডিনেটর মোহাম্মদ তাওহীদুল ইসলাম, অ্যাসিস্টেন্ট কোঅর্ডিনেটর জাফর সাদিক, বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক রোকেয়া আশা এবং সংগঠনের সভাপতি সাইমুম মৌসুমি বৃষ্টি প্রমুখ। সমাপনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারহান আনজুম করিম।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তন ইস্যু এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্থ মানুষ ও দেশকে সহায়তার ক্ষেত্রে যেকোন ধরণের আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
ফারুক হোসাইন/এসএস