কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে এক গৃহবধূ (১৮) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই গৃহবধূর মা বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা করেছেন।
মামলার পর অভিযুক্ত মেহেদী হাসানকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। পরে শুক্রবার (২ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার মেহেদী হাসান উপজেলার দারোরা গ্রামের দুলু মিয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়, প্রায় আড়াই মাস আগে বাবার বাড়িতে বেড়াতে যান ওই গৃহবধূ। সেখানেই তিনি ছিলেন। ২৮ জুন রাত ৮টার দিকে বাড়ির পাশের টিউবওয়েলে পানি আনতে গেলে মেহেদী গৃহবধূর পরনে থাকা ওড়না দিয়ে তাকে বেঁধে ধর্ষণ করেন।
এদিকে ওই গৃহবধূকে না পেয়ে খোঁজাখুঁজির পর তাকে বাড়ির পাশের পুকুর পাড় থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
জাহিদ পাটোয়ারী/জেডএইচ/এএসএম