দেশজুড়ে

‘কালাচানের’ ওজন এক টন, দাম হাঁকা হচ্ছে সাড়ে ১৪ লাখ টাকা

সাভার পৌর এলাকার বাবুল ডেইরি ফার্মে ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় পালন পালন করা হয়েছে যার ওজন একটন। গায়ের রং কালো হওয়ায় আদর করে এর নাম রাখা হয়েছে ‘কালাচান’।

খামারি ফাহিম সোহেল আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে এই ষাঁড়টি বিক্রি করবেন। গরুটির দাম চাওয়া হচ্ছে সাড়ে ১৪ লাখ টাকা।

খোঁজ নিয়ে জানা যায়, সাভার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজাশন এলাকার বাবুল ডেইরি ফার্মে জন্ম ও বেড়ে উঠেছে কালাচান। ইতোমধ্যে শান্ত স্বভাবের এই ষাঁড়টির এলাকায় বেশ সাড়া ফেলেছে। পাইকার ছাড়াও ব্যক্তিপর্যায়ে বিভিন্ন ক্রেতারা আসছেন কালাচানকে দেখতে। দামও উঠছে প্রত্যাশার কাছাকাছি।

এই খামারের মালিক স্থানীয় যুবক ফাহিম সোহেল জানালেন, ফ্রিজিয়ান জাতের কালাচানের বর্তমান বয়স ২৮ মাস। তাকে কখনো কৃত্রিম উপায়ে মোটাতাজা করার জন্য কোনো ওষুধ খাওয়ানো হয়নি।

কালাচানের যত্ন নেয়া খামারকর্মী নুরুল ইসলাম জানান, জন্মের পর থেকে ১৮ মাস পর্যন্ত দুধ খেয়েছে কালাচান। ঘাস, খড়, ভুষি প্রতিদিনই তাকে খেতে দেয়া হয়। সুষম খাদ্যাভ্যাসের কারণে ধীরে ধীরে বিশাল দেহ পেয়েছে কালাচান।

সাভারে ওজন ও দৈহিক আকৃতির দিক থেকে কালাচানই সবচেয়ে সেরা গরু বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের পরামর্শেই কালাচান প্রাকৃতিকভাবে বড় হয়েছে বলে দাবি করেন তিনি।

এমআরআর