দেশজুড়ে

স্বাস্থ্যখাতে যুগান্তকারী রূপরেখা বাস্তবায়ন করা হবে: প্রাণ গোপাল

স্বাস্থ্যখাতে যুগান্তকারী রূপরেখা বাস্তবায়ন করা হবে। যা চান্দিনা দিয়ে শুরু করে পরে গোটা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

সোমবার (১৩ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল শেষে তিনি এ মন্তব্য করেন।

প্রাণ গোপাল বলেন, ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক ও শিক্ষক হিসেবে কুমিল্লার চান্দিনা তথা পুরো জেলায় স্বাস্থ্য ও শিক্ষাখাতে যতোটা অবদান রাখা যায় ততোটা রাখার চেষ্টা করবো।

তিনি বলেন, শেখ হাসিনা যে স্বপ্ন নিয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন তা বাস্তবায়নে সব সময় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো। এ আসনে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো।

এ সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারসহ চান্দিনা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুর পর আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করে গত ২ সেপ্টেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ১৯ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। কুমিল্লা-৭ আসনে মোট ভোটার দুই লাখ ৭৪ হাজার ৫৪ জন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস