দেশজুড়ে

‘নিরপরাধ কাউকে যেন হয়রানি করা না হয়’

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, কুমিল্লার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তির আওতায় আনা হোক। নিরপরাধ কাউকে যেন হয়রানি করা না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ থাকবে।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে কুমিল্লা টাউন হল কনফারেন্স হলে ‘সুজন’ আয়োজিত ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির ফলে সংখ্যালঘুদের ওপর হামলার পুনরাবৃত্তি ঘটছে। দোষারোপের সংস্কৃতি চর্চায় মূল অপরাধীরা পার পেয়ে যায়।

এ সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া, সুজন কুমিল্লার সভাপতি আলহাজ শাহ মো. আলমগীর খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/ইউএইচ/এমএস