মিডফিল্ডার রাকিব হোসেন মালদ্বীপে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা পারফরমার; কিন্তু সেই রাকিবের একটি ভুলেই কিন্তু নেপালের বিপক্ষে জিততে যাওয়া ম্যাচ ড্র করে বিদায় নিয়েছিল টুর্নামেন্ট থেকে। সেই দুঃস্বপ্ন এখনো তাড়িয়ে বেড়াচ্ছে রাকিবকে।
বুধবার বাড্ডার বেরাইদের ফর্টিস গ্রুপের মাঠে জাতীয় দলের অনুশীলন দেখতে গিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। এ সময় তিনি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন, অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে কথা বলেছেন। এছাড়াও একা কাছে ডেকে নিয়ে বেশ কিছু সময় কথা বলেছেন রাকিব হোসেন সঙ্গেও।
অন্যদের মতো জাতীয় দলের সাবেক কোচ ও বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের চোখেও মালদ্বীপে বাংলাদেশের সেরা পারফরার ছিলেন রাকিব। সেটা এই মিডফিল্ডারকে বলে তার দুটি ভুলই ধরিয়ে দিয়েছেন এ কিংবদন্তী ফুটবলার।
‘আমি রাকিবকে ডেকে বললাম, মালদ্বীপে আমি যদি সেরা খেলোয়াড় বেছে নেই সে তুমি; কিন্তু সাফে তুমি দুটি ভুল করেছো। প্রথমত তুমি ক্রসগুলো কানেক্ট করো। তবে যেখানে বল দাও সেটা সঠিক অ্যাঙ্গেল না। তোমাকে আরো ভেতরে আসতে হবে। ভেতরে ঢুকলেই তো টার্গেটে আসবে। সাথে সাথেই ও (রাকিব) বুঝে গেছে আমি কি বলতে চেয়েছি। বলেছে নিজের ভুলের কথা।’
রাকিবের দ্বিতীয় ভুল নিয়ে কাজী সালাউদ্দিন বলেছেন, ‘আমি ওকে বললাম যে, আমাকে বোঝাও তুমি ব্যাকপাসটা কিভাবে করলা? এটার তো উত্তর নেই। ওই ব্যাকপাসেই আমার টিমের সমস্যা হয়েছে। আমি হাসতে হাসতে রাকিবকে এ ম্যাসেজগুলো দিয়েছি।’
প্রসঙ্গতঃ ১-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিদায় নিয়েছিল সাফ চ্যাম্পিয়নশিপ থেকে।
৭৬ মিনিটে রাকিব অনেক দূর থেকে ব্যাকপাস দিয়েছিলেন গোলরক্ষকের উদ্দেশ্যে। বিপদ বুঝে বাইরে গিয়ে ক্লিয়ারের সময় বল হাতে লেগেছিল গোলরক্ষক জিকোর। লালকার্ড পেয়েছিলেন বাংলাদেশ গোলরক্ষক। ১০ জনের বাংলাদেশ লিড ধরে রাখতে পারেনি শেষ পর্যন্ত।
বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন এভাবে কাজে ডেকে নিয়ে ভুল ধরিয়ে তা সুধরে দেয়ায় মুগ্ধ হয়েছেন তরুণ মিডফিল্ডার রাকিব। ‘আমার অনেক ভালো লেগেছে। তার মতো মানুষ আমার ভুল ধরিয়ে দিয়েছেন সেটা বিশাল ব্যাপার। আমার অনেক ভালো লেগেছে। খেলতে গেলে ভুল হবে। সেই ভুল পরবর্তীতে শোধরানোটাই হচ্ছে গুরুত্বপূর্ণ।’
বাফুফে সভাপতি আসলে আপনার ভুল নিয়ে কি বলেছেন? ‘তিনি বলেছেন-আমার খেলা দেখে ভাল লেগেছে তার। আর যে ভুলত্রুটি ছিল তা ধরিয়ে দিয়ে বলেছেন- যদি এগুলো শুধরাতে পারো তাহলে আরো ভাল খেলতে পারবে। বলেছেন- আমার স্পিড ভাল, ভেতরে যেতে পারি; কিন্তু ক্রস ভালো হচ্ছিল না। যদি ক্রসগুলো ঠিকমতো করতে পারতা তাহলে আরো ভালো হতো। ভুলগুলো যাতে না হয়। তাহলে তো দলেরই ক্ষতি হয়’- বলেছেন রাকিব হোসেন।
আরআই/আইএইচএস/