কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাবা আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় লঙ্কাকাণ্ড ঘটিয়েছেন ছাত্রলীগকর্মী ছেলে। ফেসবুক লাইভে এসে ভাঙচুর করেছেন দলীয় কার্যালয়।
বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজারে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য দুলালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল হক সরকার একজন দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে প্রকাশিত দলীয় সমর্থন তালিকায় তার নাম না আসায় ক্ষুব্ধ হন তার ছেলে বায়েজিদ সরকার। বুধবার সকাল ১০টার দিকে নিজেই ফেসবুক লাইভে এসে দুলালপুর পশ্চিম বাজার ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ও নেতার্মীদের ছবি ভাঙচুর করেন। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এক পর্যায়ে ফেসবুক থেকে লাইভ ভিডিওটি সরিয়ে নেন তিনি।
বায়েজিদ সরকার ইউনিয়ন ছাত্রলীগের একজন কর্মী বলে জানা গেছে। দলীয় কার্যালয় ভাঙচুরের বিষয়ে তিনি জাগো নিউজকে বলেন, ‘বঙ্গবন্ধুর আমল থেকে আমার দাদা সামছুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতি করতেন। বাবা বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি এ ইউনিয়ের চেয়ারম্যানও ছিলেন। কেন্দ্রে পাঠানো সাতজনের তালিকায় বাবার নাম ছিল ১ নম্বরে। অথচ তাকেই নৌকার মনোনয়ন দেওয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘দলকে ভালোবেসে নিজ খরচে দলীয় কার্যালয় করেছি। প্রতিবাদস্বরূপ ভাঙচুর করেছি যেন ত্যাগীদের অবমূল্যায়ন করা না হয়।’
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম পলাশ বলেন, বায়েজিদের বাবা নৌকার মনোনয়ন না পাওয়ায় তিনি আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করেন। দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে জরুরি বৈঠক ডেকে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।
জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস