দেশজুড়ে

স্কেটিং করতে গিয়ে ট্রলিচাপায় প্রাণ গেলো কিশোরের

নওগাঁ জেলার আরজি নওগাঁর রহিদুল আলীর ছেলে এরশাদ আলী (১৫)। রাজশাহীর বাগমারায় খালার বাড়িতে বেড়াতে এসেছিল সে। শনিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভবানীগঞ্জ-কেশরহাট সড়কে স্কেটিং করতে গিয়ে ট্রলির ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় সে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এরশাদ পায়ে স্কেটিং জুতা ও কানে হেডফোন লাগিয়ে রাস্তায় স্কেটিং করছিল। সকাল সাড়ে ৭টার দিকে সে ভবানীগঞ্জ-কেশরহাট সড়কে স্কেটিং করছিল। তার কানে হেডফোন থাকায় রাস্তায় একটি ট্রলিতে ধাক্কা খায়। ট্রলির ধাক্কায় পড়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরশাদের খালু নজরুল ইসলাম বলেন, শুক্রবার এরশাদ আমাদের বাড়িতে এসেছিল। আজ সকালে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই এ দুর্ঘটনা ঘটে।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জাগো নিউজকে বলেন, ভবানীগঞ্জ-কেশরহাট সড়কে স্কেটিং করতে গিয়ে ট্রলির ধাক্কায় এরশাদ আলী নামের এক কিশোর নিহত হয়েছে। স্থানীয়দের কাছে দুর্ঘটনার খবর পাওয়া পরপরই ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি বলেন, ওই কিশোরের কানে হেডফোন ছিল। হেডফোন দিয়ে স্কেটিং করার কারণে হয়তো ট্রলির শব্দ শুনতে পারেনি। এ কারণেই দুর্ঘনাটি হয়েছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করবেন না বলে আবেদন করেছেন। এজন্য ওই কিশোরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।

ফয়সাল আহমেদ/এএএইচ