দেশজুড়ে

বাবাকে খাবার দিয়ে ফেরার পথে ভ্যান উল্টে প্রাণ গেলো শিশুর

রাজশাহীর বাগমারা উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে শায়েদুল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৮ মে) দুপুর ১২টার দিকে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ডুখোলপাড়া অচিনতলা মোড়ে এ ঘটনায় ঘটে। নিহত শায়েদুল উপজেলার ডুখোলপাড়া গ্রামের মিন্টু হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বড় ভাই শামিমুল ইসলামের (১২) সঙ্গে বাবাকে মাঠে খাবার দিতে বের হয় শায়েদুল। শামিমুল ভ্যান চালাচ্ছিল। বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে ভ্যানে করে কাটা ধান নিয়ে ফিরছিল দুইভাই। পথে ডুখোলপাড়ার অচিনতলায় মোড় ঘুরতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ভ্যান।

এসময় ভ্যান থেকে ছিটকে পড়ে জ্ঞান হারায় শিশু শায়েদুল। অপরদিকে, শামিমুলও সড়কের নিচে পড়ে আহত হয়। এসময় আশপাশের লোকজন দুইভাইকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে শামিমুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং শায়েদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় শিশু শায়েদুল।

জানতে চাইলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ভ্যান উল্টে শায়েদুল ইসলাম নামে এক শিশু মারা গেছে। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ঘটনায় কেউ কোনো অভিযোগ না দিলেও পুলিশের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানিয়েছেন ওসি মোস্তাক।

ফয়সাল আহমেদ/এমআরআর