দেশজুড়ে

এক মণ ওজনের কাঁঠাল বিক্রি হলো দেড় হাজারে

শরীয়তপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামে এক মণের ওজনের একটি কাঁঠাল বিক্রি হয়েছে ১৫০০ টাকায়।

সোমবার (১৩ জুন) বিকেলে শরীয়তপুর সদরে কাঁঠালটি বিক্রি হয়। বিরাটাকার কাঁঠালটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান।

এক মণ ওজনের কাঁঠালটি গাড়ি থেকে নামিয়ে বাজার পর্যন্ত আনতে দুজন লোক লেগেছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, এত বড় কাঁঠাল তারা আগে কখনো দেখেননি। অনেকে কাঁঠালের ছবি তোলেন। কেউ কেউ ব্যস্ত হয়ে পড়েন সেলফি তুলতে।

কাঁঠালটির বিক্রেতা মো. ইসমাইল বয়াতি জাগো নিউজকে বলেন, কাঁঠালটির ওজন ৩৮ কেজি। বিক্রির জন্য তিনি এর দাম চেয়েছিলেন দুই হাজার ৫০০ টাকা। পরে এক হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

তিনি আরও বলেন, ‘গাছটিতে পাঁচ বছর ধরে একটি করে কাঁঠাল ধরে। কাঁঠালটি বাজারে আনার পথে কত মানুষ যে ছবি তুলেছেন, তার শেষ নেই। এত বড় কাঁঠাল দেখে মানুষ বেশ অবাক হয়েছে। এতে আমার আনন্দ লেগেছে।’

মো. ছগির হোসেন/এসআর/এমএস