বরিশালের বাকেরগঞ্জ উপজেলার তুলাতলী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই ট্রলারসহ আটক পাঁচজনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ আগস্ট) দুপুরে উপজেলার কলসকাঠী ইউনিয়নের নারাঙ্গল গ্রাম সংলগ্ন তুলাতলী নদীর চর থেকে মাটি কাটার সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক তাদের এক লাখ টাকা জরিমানা করেন।
অভিযানে সহায়তা করেন বাকেরগঞ্জ থানা পুলিশের সদস্যরা।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন শাহিন গোলদার, কবির সানা, আসাদ গাজী, শহিদুল সরদার ও জিয়ারুল গোলদার। তাদের বাড়ি সাতক্ষীরা ও খুলনা জেলায়।
কলসকাঠী এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাদের দিয়ে নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটিয়ে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক জানান, নদীর চর থেকে মাটিকাটার অপরাধে পাঁচজনকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ এবং এ ধরনের কাজ আর করবেন না বলে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।
সাইফ আমীন/এসআর