দেশজুড়ে

ডেকে নিয়ে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

কুমিল্লা নগরীতে ডেকে নিয়ে শাহাদাত হোসেন (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে কাস্টমস অফিসের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত শাহাদাত কুমিল্লা মহানগরীর পুরাতন চৌধুরী পাড়া হোমিও কলেজ সংলগ্ন বশু মিয়ার বাড়ির শাহ আলম ভূঁইয়ার ছেলে। সে নগর উদ্যান পার্কে একটি রাইডের সাবেক কর্মচারী ছিল।

রাইড মালিক তাজুল ইসলাম জনি বলেন, ‘শাহাদাত ১৫ দিন আগে চাকরি ছেড়ে ছলে গেছে। বিকেলে নগর উদ্যানে সে ঘুরতে আসে। এ সময় স্থানীয় মফিজাবাদ কলোনির হাসিব ও রতন তাকে ডেকে কাস্টমস অফিসের সামনে নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই দুজন মিলে তাকে ছুরিকাঘাত করতে থাকে। প্রকাশ্যে সবার সামনে এলোপাতাড়ি কুপিয়ে তারা চলে যায়। এ সময় উপস্থিত জনতা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।’

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ইমতিয়াজ জাগে নিউজকে বলেন, ‘শাহাদাতকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে মারা যায়।’

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে মেডিকেল কলেজ থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আলামত সংগ্রহের চেষ্টা করছে। এরই মধ্যে ওই এলাকা থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের আটকে পুলিশ অভিযানে নেমেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবো।

জাহিদ পাটোয়ারী/এসজে/এএসএম