কুমিল্লায় ডেকে নিয়ে শাহাদাত হোসেনকে (১৭) প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের ১২ সদস্যকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর পরই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের আটক করতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (২০ আগস্ট) দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটকদের নাম জানায়নি পুলিশ।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার বিকেলে কুমিল্লা নগর উদ্যান সংলগ্ন এলাকায় সংগঠিত হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয় এবং সেই সঙ্গে সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। এর পর অপরাধীদের আটক করতে অভিযানে নামে পুলিশ।
ওসি বলেন, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাচাই করে দেখা হচ্ছে। পরবর্তীকালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার দুপুর ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় কুমিল্লা কোতোয়ালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি সহিদুর রহমান জানান।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লা নগরীর ধর্মসাগর সংলগ্ন নগর উদ্যান থেকে কিশোর শাহাদাত হোসেনকে ডেকে বাইরে আনে একদল কিশোর। পরে কিছু বুঝে ওঠার আগেই দলবদ্ধভাবে সড়কের পাশে তাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করতে থাকে তারা। এতে শাহাদাত মাটিতে লুটিয়ে পড়লে তারা দৌড়ে পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা শাহাদাতকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সন্ধ্যার পর থেকে কুমিল্লা নগরীতে থমথমে অবস্থা তৈরি হয়। নিহত শাহাদাত কুমিল্লা মহানগরীর পুরাতন চৌধুরীপাড়া হোমিও কলেজ সংলগ্ন শাহ আলম ভূঁইয়ার ছেলে।
জাহিদ পাটোয়ারী/এমআরআর/এমএস