সাতক্ষীরায় ৮০ হাজার টাকা যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে আব্দুল আজিজ নামের এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আযম আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন।
আব্দুল আজিজ সাতক্ষীরা শহরের সুলতানপুরের এন্তাজ সরদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি জহরুল হায়দার বাবু বলেন, দীর্ঘ ২৪ বছর পর এ আদেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ এ আদেশে খুশি।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, যৌতুকের ৮০ হাজার টাকা আনতে অপারগতা প্রকাশ করায় ১৯৯৭ সালের ২০ এপ্রিল বিকেলে স্ত্রী রেহেনা পারভীনকে পিটিয়ে হত্যা করেন তার স্বামী আব্দুল আজিজ। এ ঘটনার পরদিন নিহত নারীর চাচা শওকত আলী সরদার বাদী হয়ে আব্দুল আজিজ, তার ভাই রুহুল কুদ্দুসসহ পাঁচজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার নথি, ১২ জন সাক্ষীর জেরা ও জবানবন্দি পর্যালোচনা শেষে পলাতক আদালত আজ এ রায় ঘোষণা করেন।
ঘটনার পর থেকে আসামি আব্দুল আজিজ পলাতক।
আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম