বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সরকার আগ্নেয়গিরির উপর বসে আছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বিপন্ন গণতন্ত্র, পরাধীন গণমাধ্যম, মজলুম সম্পাদক মাহমুদুর রহমান শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী প্রচার দল এ আলোচনা সভার আয়েজন করে।অতীতের কোনো সরকার মানুষের ভোটের অধিকার, বাক স্বাধীনতা খর্ব করে টিকে থাকতে পারেনি, আপনারাও পারবেন না। গণবিস্ফোরণের মাধ্যমে যেকোনো সময় এ সরকারের পতন হবে।ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন দিতে না পারলে জনগণের স্বার্থে আপনারা পদত্যাগ করুন।মাহবুব বলেন, সরকার গণমাধ্যমের গলা চেপে ধরার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় মাহমুদুর রহমান ৭০টি মামলায় জামিন পাওয়ার পর আবারো দু`টি পুরাতন মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের নীতি অনুযায়ী গণমাধ্যমকে সবসময় তার প্রশংসা করতে হবে। কেউ এর ব্যতিক্রম করলেই, তার বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলা করা হবে। তারই প্রমাণস্বরূপ মাহফুজ আনামের বিরুদ্ধে ৯ দিনে ৮২ হাজার কোটি টাকার মানহানি ও ৬৮টি মামলা দেয়া হয়েছে।আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ নূরুল আফসার বাহাদুরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।এএস/এমজেড/পিআর