রাত পোহালেই বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে কুমিল্লার পাঁচ উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদে নির্বাচন। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিন সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হবে। বিরতিহীন চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে।
ইউনিয়নগুলো হলো- নাঙ্গলকোটের রায়কোট উত্তর, রায়কোট দক্ষিণ, আদ্রা উত্তর, আদ্রা দক্ষিণ, জোড্ডা পূর্ব, জোড্ডা পশ্চিম, বটতলী ও দৌলখাঁড়। লাকসাম উপজেলার বাকই দক্ষিণ, মুদাফফরগঞ্জ উত্তর, মুদাফফরগঞ্জ দক্ষিণ। লালমাই উপজেলার বাকই উত্তর, পেরুল উত্তর। বরুড়ার ভাউকসার ও শাকপুর। দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ও দৌলতপুর ইউনিয়ন। একই দিন মনোহরগঞ্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
কুমিল্লার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালাম জাগো নিউজকে জানান, নির্বাচনী সব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। সব কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ইভিএমে যদি কোনো সমস্যা হয় তাৎক্ষণিক টেকনিক্যাল টিম তা সমাধান করবে। বিগত নির্বাচনগুলোতে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও এ নির্বাচনে সাড়ে সকাল ৮টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হবে।
জাহিদ পাটোয়ারী/এমএএইচ/