সৌদি আরব থেকে দেশে ফিরে দাদাবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জাহানারা আক্তার (১৭) নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা তার পরিবারের সঙ্গে সৌদি আরবে বসবাস করতো। সে নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার জালাল আহমেদের মেয়ে।
ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সপরিবারে সৌদি আরবে বসবাস করেন জালাল আহমেদ। মেয়েরা দাদার বাড়ি দেখবে। তাই রোববার রাতে বাড়ির উদ্দেশ্যে বিমান যোগে বাংলাদেশে আসেন। রাতেই বাড়ি ফেরার পথে ভোর সাড়ে ৪টার দিকে কুমিল্লার পদুয়ায় বাজার ইউটার্নে এলে একটি ট্রাক তাদের বহনকারী প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।
এসআই নজরুল আরও বলেন, এতে জাহানারা আক্তার ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হন জালাল আহমেদ, তার স্ত্রী বিলকিস বেগম, ছোট মেয়ে সুলতানা জাহান ও প্রাইভেটকারচালক মো. আলাউদ্দিন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেইসঙ্গে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রীয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জাহিদ পাটোয়ারী/এমআরআর/এএসএম