রাজধানীর খিলগাঁও এলাকায় ‘খিলগাঁও সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের’ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার (১ মার্চ) দুপুরে এ ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয়।
ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ৫ তলাবিশিষ্ট খিলগাঁও সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নির্মাণ আগামী বছরের ২৬ এপ্রিলে সমাপ্ত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ১২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ১০ কাঠা জমির ওপর এ সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ করা হবে।
ভবনের নিচতলায় কার পার্কিং, প্রথম তলায় কাউন্সিলর অফিস ও প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র, দ্বিতীয় তলায় ব্যায়ামাগার, বহুমুখী ব্যবহারযোগ্য কক্ষ ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের ক্লাব, তৃতীয় ও চতুর্থ তলায় সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের ব্যবস্থা থাকবে। এ সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে খাবারের আসন ৩২০টি (প্রতি ব্যাচে)।
ভিত্তিপ্রস্ত স্থাপন অনুষ্ঠানে ঢাকা-৯ আসনে র সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
এমএমএ/এমআইএইচএস/জিকেএস