বরগুনা-২ আসনের আওয়ামী লীগের এমপি শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে মামলা দায়েরর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার এ সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা করে ইসিকে অবহিত করতে বরগুনা পুলিশ সুপারকে এক নির্দেশ পাঠানো হয়েছে।এর আগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এই এমপির বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেয় ইসি। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব সামসুল আলম বলেন, “ বৃহস্পতিবার মামলা করার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন ইসি। রোববার বিকেলে পুলিশ সুপারকে নির্দেশনা বাস্তবায়নের জন্য চিঠি দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়, ৫ মার্চ ক্ষমতাসীন দলের এ এমপি বরগুনার বেতাগী উপজেলার বেতাগী ইউনিয়নের কিসমতপুর ও কেওড়াবুনিয়া গ্রামে নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেছেন। “যা ইউপি আচরণবিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। বিধি লঙ্ঘন করায় ৩১ দফা অনুসারে এ সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা করে ইসিকে অবহিত করতে হবে”।আচরণবিধির ৩১ দফায় বলা হয়েছে, আচরণবিধি লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। প্রার্থী বা তার পক্ষে এ বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। রাজনৈতিক দলও এ বিধি লঙ্ঘন করলে ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন ইসির অধীনে সংসদ, সিটি, উপজেলা, পৌরসভার ভোট হয়েছে। ইতোমধ্যে আচরণবিধি লঙ্ঘনের জন্য এমপিদের সতর্ক করে নোটিশ দেয়া ছাড়াও স্পিকার ও প্রধানমন্ত্রীর কাছে নালিশ করা হয়েছে। এইচএস/এসকেডি/এবিএস