সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ও একটি পত্রিকার প্রতিনিধি ইকবাল মনোয়ারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ইরাব’।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সংগঠনের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক আকতারুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান।
সংগঠনের দপ্তর সম্পাদক সেলিম আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে ইরাব নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সাংবাদিক ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তা না হলে দুর্নীতির পক্ষ নেওয়া উপাচার্যের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) লিখিত অভিযোগ করা হবে।
আরও পড়ুন: উপাচার্যের বক্তব্য নিয়ে প্রতিবেদন করায় শিক্ষার্থীকে বহিষ্কার
বিবৃতিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেছেন, ‘দুর্নীতি-করাপশন উন্নয়ন বাধাগ্রস্ত করে বিষয়টি সত্য নয়। দুর্নীতি হলে দেশের উন্নতি হয়।’ উপাচার্যের এমন বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও একটি পত্রিকার প্রতিনিধি রুদ্র ইকবালকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
‘দুর্নীতির পক্ষে সাফাই গাওয়া এমন উপাচার্যের ব্যাপারে অনুসন্ধানী সাংবাদিকতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের এ ব্যাপারে শিক্ষা সাংবাদিকরা সর্বাত্মক সহযোগিতা করবেন’ বলেও ইরাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এএএইচ/বিএ/জেআইএম