বরিশালের বাকেরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল জব্দ করে আওয়ামী লীগ নেতার গুদাম সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) উপজেলার কলসকাঠী ইউনিয়নের মুদিঘাট বাজার এলাকায় গুদামটি সিলগালা করেন ট্যাগ অফিসার মোক্তার হোসেন।
মোক্তার হোসেন বলেন, ডিলার মনির শরীফের দায়িত্বে ৬০২টি কার্ড রয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে কার্ডপ্রতি ৩০ কেজি চাল দেওয়ার কথা ছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশে ৩০ বস্তা নুরজাহান নামের প্লাস্টিক ব্যাগ ভর্তি এবং ২০ বস্তা সালাম সুপার চাল জব্দ করা হয়। এসময় গুদামটি সিলগালা করা হয়েছে।
আরও পড়ুন: কালোবাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল, ডিলারশিপ বাতিল
স্থানীয়রা জানান, সকালে মুদিঘাট এলাকার আওয়ামী লীগ নেতা মনির শরীফের গুদামে চাল মজুত দেখে স্থানীয়রা ইউএনওকে খবর দেয়। ইউএনও সজল চন্দ্র শীল সংশ্লিষ্ট ট্যাগ অফিসার মোক্তার হোসেনকে ঘটনাস্থলে গিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ গুদাম সিলগালা করার নির্দেশ দেন।
নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ইউনিয়নের সংরক্ষিত নারী মেম্বারের স্বামী ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির শরীফ দীর্ঘদিন ধরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করে আসছেন। বৃহস্পতিবার স্থানীয়রা বস্তায় চাল দেখে প্রশাসনকে জানালে তারা ৩০ বস্তা চাল জব্দ করেন।
এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মনির শরীফ অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো আমার চাল না। এগুলো চাচা শ্বশুর কবিরের চাল। তার গোডাউন নেই সেজন্য আমার গোডাউনে চালগুলো রেখেছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র শীল জানান, বস্তায় রাখা চাল সরকারি কিনা সেটি পরীক্ষা করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে যদি দোষী প্রমাণিত হয় তাহলে তার ডিলার বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শাওন খান/আরএইচ/জেআইএম