তানজানিয়ায় দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট হিসেবে জন মাগুফুলি নির্বাচিত হওয়ার পর দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে আফ্রিকাতে ৭৫ মিলিয়ন মানুষ ঘুষ আদান-প্রদান করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে তালিকার নিচের দিকে থাকা দেশগুলোর একটি তানজানিয়া।আফ্রিকানরা মনে করে মহাদেশজুড়ে দুর্নীতি ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। ওই প্রতিবেদন প্রকাশের পরপরই দেশজুড়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। তার এই ঘোষণার পর দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। খবর বিবিসির। প্রেসিডেন্ট প্রকাশ্যে বিচার বিভাগকে দুর্নীতিগ্রস্ত বলে অভিহিত করেছেন এবং শীর্ষ অনেক কর্মকর্তাকে অপসারণ করেছেন। এদের মধ্যে অ্যান্টি করাপশন ইউনিটের প্রধানও রয়েছেন।আইন দিবসে প্রেসিডেন্ট মাগুফুলি বলেন, এই দেশের এমন অনেক কর্মকর্তা আছেন যারা দেশের ভেতরে বোর্ড মিটিং বা সভা করার মতো কোনও হোটেল খুঁজে পান না। ফলে শুধুমাত্র বোর্ড মিটিং করার জন্য তারা ইউরোপে ছোটেন। ২০১৪ সালে বেশ কয়েকজন শীর্ষ রাজনীতিবিদ কেন্দ্রীয় ব্যাংক থেকে একশো মিলিয়ন ডলার সরিয়ে নেয়ার পর দাতারা অর্থসাহায্য তুলে নেয়।রাজনীতিবিদরা এ সংক্রান্ত অভিযোগ অস্বীকার করলেও দাতাদের অর্থছাড়ে বিরতি অব্যাহত রয়েছে। তাদেরকে আশ্বস্ত করার চাপ রয়েছে প্রেসিডেন্টর ওপর।গত বছরের ডিসেম্বরে আচমকা দারেস সালাম বন্দরে যান প্রেসিডেন্ট। নিজে দুই হাজারের বেশি শিপিং কন্টেইনার আটক করেন যেগুলো সরকারকে নির্ধারিত কর না দিয়ে পাচার করা হচ্ছিল।এধরনের পাচারের ঘটনায় সরকারকে চার কোটি ডলার রাজস্ব লোকসান গুনতে হয়। এই ঘটনায় জড়িত বন্দরের প্রধান এবং শীর্ষ কয়েকজন কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট। এছাড়া দেশের প্রধান একটি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অসুস্থ রোগীদের অনেককে হাসপাতালের মেঝেতে পড়ে থাকতে দেখে হাসপাতাল প্রধানকে চাকরি থেকে বরখাস্ত করেন তিনি। সেইসাথে এর পরিচালনা পর্ষদ ভেঙে দেন। প্রেসিডেন্ট সঠিক পথেই এগুচ্ছেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক আটিলিও টাগালিলে।তিনি বলেন, যে মুহুর্তে তিনি ক্ষমতায় এলেন ঠিক সেসময় থেকেই তিনি সরাসরি দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেন। তিনি প্রকৃতপক্ষে সঠিক বার্তাই মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছেন। এর ফলে জাতি এখন পুনরুজ্জীবিত বলে মনে হচ্ছে।টিটিএন/এমএস