বিভিন্ন সময়ই দেখা গেছে অসুস্থ কিংবা বিপদগ্রস্ত শিল্পীদের পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে তিনি অসুস্থ তিন শিল্পীর হাতে অনুদানের চেক তুলে দিয়েছেন। এরা হলেন অভিনেতা মঞ্জুর হোসেন, চিত্রনায়ক আব্দুস সাত্তার ও অভিনেত্রী মায়া ঘোষ।গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতেই অসুস্থ এই তিন শিল্পীকে গতকাল সোমবার, ২৮ মার্চ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ডেকে নেন শেখ হাসিনা। সেখানে তিনি শিল্পীদের হাতে চেক তুলে দেন। শিল্পীদের মধ্যে মায়া ঘোষকে পাঁচ লাখ টাকা ও একটি হুইল চেয়ার, মঞ্জুর হোসেনকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারকে ১০ লাখ টাকার চেক প্রদান করেন প্রধানমন্ত্রী। এসময় অসুস্থ তিন শিল্পীর শারীরিক অবস্থার খোঁজ খবরও নেন প্রধানমন্ত্রী। অসুস্থ শিল্পীদের অনুদান প্রদান করার সময় শিল্পী ঐক্য জোটের আহবায়ক নাট্য পরিচালক জি. এম সৈকত সকল শিল্পীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের শিল্পীরাও।এলএ/পিআর